ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ১২৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, রাজশাহী বিভাগে ২১৩ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৬৩ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
