ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৫ জন।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন এবং বরিশাল বিভাগে ১৪৩ জন রয়েছেন।
চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৪৫ হাজার ৯০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৩৯ হাজার ৬৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৭৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
