হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৪০২
সংগৃহীত ছবি
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট ও অন্যজন খুলনা বিভাগের।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।
এদিকে হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৮৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এতে গড় টিকাদান কভারেজ দাঁড়িয়েছে ১২০ দশমিক ১ শতাংশে। সিটি করপোরেশন এলাকাগুলোতে গড় টিকাদান কভারেজ ১১৯ শতাংশ।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে শিশুদের হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
