হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন রোগী ১,৩১৮
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর সকাল ৮টা থেকে ৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া চট্টগ্রামে ২৩৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ৩৩ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
গত একদিনে সারা দেশে নতুন করে ১ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫৫ জন এবং মৃত্যুর সংখ্যা ৫১৭।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে মোট ২ লাখ ৭ হাজার ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।
অন্যদিকে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ২১ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৩২৯ জন। টিকাদানের অর্জনের হার ১২০ দশমিক ১ শতাংশ।
বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ ১২৩ দশমিক ৭ শতাংশ, চট্টগ্রামে ১২৩ দশমিক ৩ শতাংশ, রংপুরে ১২০ দশমিক ৭ শতাংশ এবং ঢাকা বিভাগে ১২০ দশমিক ৩ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে গাজীপুরে সর্বোচ্চ ১৩৩ দশমিক ১ শতাংশ, চট্টগ্রামে ১২৫ দশমিক ৪ শতাংশ, ঢাকা উত্তরে ১২৪ দশমিক ৫ শতাংশ এবং ঢাকা দক্ষিণে ১১১ দশমিক ৬ শতাংশ টিকাদান হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
