হাম উপসর্গে ঝরল আরও তিনজনের প্রাণ
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯২ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ২ নভেম্বর প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৯৯১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৫ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫৭৪ জন। এরপর চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ জন শনাক্ত হয়েছেন।
এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ৩২ হাজার ১৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার ১২০ দশমিক ১ শতাংশ।
