ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
ছবি সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন ডেঙ্গুরোগী।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৪৩ জন পুরুষ এবং ৫২৩ জন নারী।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৫ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১১০ জন, খুলনা বিভাগে ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭২ জন, বরিশাল বিভাগে ১১৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।
প্রতিবেদন বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬৫ জন এবং নারী ১৮৭ জন বলে প্রতিবেদনের বয়সভিত্তিক ছকে উল্লেখ করা হয়েছে।
