জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
ছবি সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। ৩০ মিলিয়ন ইউরোর এই অর্থ সম্পূর্ণ অনুদান হিসেবে দেওয়া হবে, কোনো ঋণ নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন করেছিল। এর লক্ষ্য জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা।
ড. সাইমুম পারভেজ বলেন, এই অর্থায়ন সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এ অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বাংলাদেশে এ কর্মসূচির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করা হবে। বিশেষ গুরুত্ব পাবে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের আধুনিকায়ন।
পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা এবং অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ করা হবে। দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীর কাছে দ্রুত অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
অর্থায়নের ধরন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সাইমুম পারভেজ স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’
তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে দুর্যোগের পর সহায়তার জন্য অপেক্ষা না করে আগেই অর্থায়নের প্রস্তুতি রাখা, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জলবায়ু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
