বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এটি অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তার মতে, এটি প্রথমে নিম্নচাপে পরিণত হবে। পরে পরিস্থিতি অনুকূলে থাকলে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
লঘুচাপটির গতিপথ সম্পর্কে জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এটি কোন দিকে এগোচ্ছে, সে বিষয়ে তুলনামূলক স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূল সম্ভাব্য গতিপথ হিসেবে বিবেচনায় রয়েছে।
এদিকে লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৩ মিলিমিটার। এ সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
