জলবায়ু মোকাবিলায় ১০ কোটি ইউরো ঋণ দেবে ফ্রান্স
ছবি সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতের উন্নয়নে বাংলাদেশকে ১৪ কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্সের উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি)। এর মধ্যে ২০২৭ সালে জলবায়ু নীতিভিত্তিক ঋণ হিসেবে ১০ কোটি ইউরো এবং ২০২৮ সালে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতে ৪ কোটি ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া ২০২৯-২০৩০ সময়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে অর্থায়নসহ নতুন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।
গত ৯ ও ১০ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এএফডির প্রধান কার্যালয়ে বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে সপ্তম বার্ষিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি আসে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশ সরকার ও এএফডির বিদ্যমান সহযোগিতা, চলমান প্রকল্প, ভবিষ্যৎ প্রকল্প এবং কৌশলগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সরকারের নতুন উন্নয়ন কর্মসূচি ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এএফডির অর্থায়নে চলমান ও প্রস্তাবিত প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে বিশেষজ্ঞ সহায়তা ও সক্ষমতা উন্নয়ন তহবিল (এফইআরসি) চুক্তির সংশোধনী স্বাক্ষরিত হয়।
সভায় বাংলাদেশের পক্ষ থেকে ২০২৬-২০৩১ সালের পঞ্চম পঞ্চবার্ষিক কৌশলগত উন্নয়ন ও সংস্কার কাঠামোর আলোকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নদী পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা, স্বল্প কার্বন নিঃসরণকারী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং সুষম আঞ্চলিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়া হয়।
বাংলাদেশের এসব অগ্রাধিকার এএফডির নিজস্ব কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের অর্থায়ন ও কারিগরি দক্ষতা কাজে লাগানোর প্রতিশ্রুতিও দেন তারা।
বর্তমানে বাংলাদেশের ১২টি চলমান উন্নয়ন প্রকল্পে এএফডির মোট অর্থায়নের প্রতিশ্রুতি ১৭৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা ১৪৮ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ইউরোর সমপরিমাণ। এর মধ্যে ১৭৩ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার ঋণ এবং ১ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার অনুদান।
সভায় বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এএফডির পক্ষে সভাপতিত্ব করেন সংস্থাটির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ে। এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
