জলবায়ু পরিবর্তন:
কেন বাড়ছে পৃথিবীর উত্তাপ, কতটা বিপদে মানবসভ্যতা?
জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড় ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণে বদলে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া; ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়ানোর শঙ্কা
সংগৃহীত ছবি
পৃথিবীর আবহাওয়া বদলে যাচ্ছে। কোথাও অসহনীয় তাপপ্রবাহ, কোথাও অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা, আবার কোথাও গলে যাচ্ছে হিমবাহের বিশাল বরফস্তর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে কৃষি ও খাদ্য উৎপাদন। জলবায়ু পরিবর্তনের এসব প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বাস্তবতা হয়ে দেখা দিয়েছে মানুষের জীবন ও অর্থনীতিতে।
বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তনের প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড। বিশেষ করে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের দেশগুলো শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে এবং সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার অঙ্গীকার করে। কিন্তু সেই লক্ষ্য অর্জন এখন বড় চ্যালেঞ্জের মুখে।
জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা কেন গুরুত্বপূর্ণ এবং এই সংকট মোকাবিলায় সরকার ও ব্যক্তিপর্যায়ে কী করা সম্ভব—এসব প্রশ্নের উত্তর উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
জলবায়ু পরিবর্তন কী, কেন হচ্ছে?
জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর গড় তাপমাত্রা ও আবহাওয়ার ধরনে দীর্ঘমেয়াদি পরিবর্তনকে বোঝায়। পৃথিবীর ইতিহাসে প্রাকৃতিক কারণে বিভিন্ন সময়ে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। তবে গত এক শতকে তাপমাত্রা বৃদ্ধির যে অস্বাভাবিক গতি দেখা যাচ্ছে, তার প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) বলছে, মানুষের কর্মকাণ্ডের কারণেই বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা, যানবাহন ও দৈনন্দিন জীবনের নানা কাজে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়। এসব জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। অনেকটা কম্বলের মতো কাজ করে এসব গ্যাস। ফলে পৃথিবী থেকে তাপ সহজে মহাশূন্যে ফিরে যেতে পারে না এবং ক্রমে বাড়তে থাকে তাপমাত্রা।
শিল্পবিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ৫০ শতাংশের বেশি বেড়েছে। বিজ্ঞানীদের বিশ্লেষণে দেখা গেছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত কার্বনের রাসায়নিক বৈশিষ্ট্য বায়ুমণ্ডলে বাড়তে থাকা কার্বন ডাই-অক্সাইডের মধ্যেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ বর্তমান উষ্ণায়নের পেছনে মানুষের ভূমিকা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত।
পৃথিবী কতটা উত্তপ্ত হচ্ছে?
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশক থেকে প্রতিটি দশক আগের দশকের তুলনায় বেশি উষ্ণ ছিল। ২০২৪ সাল ছিল নথিভুক্ত ইতিহাসে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রথমবারের মতো কোনো পূর্ণ পঞ্জিকাবর্ষে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়।
২০২৫ সালেও বৈশ্বিক তাপমাত্রা ছিল অস্বাভাবিক বেশি। এল নিনিয়ো ও লা নিনিয়ার মতো প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনাগুলো তাপমাত্রার ওঠানামায় ভূমিকা রাখলেও দীর্ঘমেয়াদি উষ্ণায়নের মূল কারণ মানুষের কর্মকাণ্ড।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ?
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে দেখা যাচ্ছে। কোথাও তীব্র তাপপ্রবাহ মানুষের জীবন বিপন্ন করছে, কোথাও অতিবৃষ্টিতে দেখা দিচ্ছে বন্যা ও ভূমিধস। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ছে।
এর উল্লেখযোগ্য প্রভাবগুলো হলো—
• তাপপ্রবাহ বৃদ্ধি: তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা বাড়ছে। এতে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
• বন্যা ও অতিবৃষ্টি: আবহাওয়ার ধরন বদলে যাওয়ায় অনেক অঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে।
• হিমবাহ গলে যাওয়া: মেরু অঞ্চল ও পাহাড়ি এলাকার বরফ দ্রুত গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে।
• সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি: সমুদ্রের পানি উষ্ণ হওয়ায় সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝড়ের তীব্রতা বাড়ার অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে।
• খাদ্যনিরাপত্তার ঝুঁকি: খরা, বন্যা ও তাপপ্রবাহের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে খাদ্যের সরবরাহ ও দামেও প্রভাব পড়তে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ, এসব দেশের অনেকেরই দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তির ঘাটতি রয়েছে।
১.৫ ডিগ্রি সেলসিয়াস কেন এত গুরুত্বপূর্ণ?
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সীমা। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে প্রায় ২০০ দেশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এই সীমার মধ্যে রাখার চেষ্টা করতে সম্মত হয়।
তবে এক বছরে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে পৃথিবীর তাপমাত্রা ওই সীমা অতিক্রম করা এক বিষয় নয়। জলবায়ু বিশেষজ্ঞরা সাধারণত প্রায় ২০ বছরের গড় তাপমাত্রার ভিত্তিতে দীর্ঘমেয়াদি উষ্ণায়ন পরিমাপ করেন।
বিজ্ঞানীদের আশঙ্কা, তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়িয়ে ২ ডিগ্রি বা তার বেশি হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠবে। এর ফলে আরও বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের শিকার হবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং ডেঙ্গুর মতো জলবায়ু-সংবেদনশীল রোগের বিস্তার বাড়তে পারে। একই সঙ্গে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে তা আর সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে। বিজ্ঞানীরা একে বলেন ‘টিপিং পয়েন্ট’ বা সংকটসীমা। গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তর ধসে পড়া, আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোতব্যবস্থার পরিবর্তন এবং অ্যামাজন বনের বড় অংশ হারিয়ে যাওয়াকে সম্ভাব্য বিপজ্জনক পরিবর্তনের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। আইপিসিসির হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৩৩০ কোটি থেকে ৩৬০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
জলবায়ু ন্যায্যতার প্রশ্ন কেন সামনে আসছে?
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সব দেশের অবদান সমান নয়। অথচ ক্ষতির বড় অংশ বহন করতে হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বহুমুখী সমস্যার মুখোমুখি হচ্ছে।
অন্যদিকে, এসব দেশের পক্ষে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও অর্থের জোগান নিশ্চিত করা কঠিন। এ কারণেই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবি গুরুত্ব পাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব আবার কোনো দেশের সীমানায় আটকে থাকে না। একটি অঞ্চলে ফসল উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়তে পারে। ফলে দূরের দেশগুলোর মানুষও এর অর্থনৈতিক প্রভাব অনুভব করে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী করছে বিশ্ব?
জলবায়ু পরিবর্তনের গতি কমাতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমিয়ে আনা জরুরি। আইপিসিসির মতে, দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ শূন্যের কাছাকাছি নামিয়ে আনার মাধ্যমে ‘নেট জিরো’ অর্জন করতে হবে।
নেট জিরো বলতে বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এবং বায়ুমণ্ডল থেকে অপসারণ করা গ্যাসের পরিমাণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাকে বোঝায়।
বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সৌর ও বায়ুবিদ্যুতের উৎপাদন এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারেও অগ্রগতি হয়েছে। তবে এসব উদ্যোগের পরও বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এখনো উচ্চপর্যায়ে রয়েছে। জাতিসংঘের ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী, বর্তমান অঙ্গীকার ও বাস্তব পদক্ষেপের মধ্যে বড় ব্যবধান রয়েছে। দ্রুত ও কঠোরভাবে নিঃসরণ কমানো না গেলে এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
জলবায়ু সম্মেলনে কী আলোচনা হচ্ছে?
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে প্রতিবছর জাতিসংঘের উদ্যোগে কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে কপ-২৮ সম্মেলনে দেশগুলো জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসার প্রয়োজনীয়তা স্বীকার করে।
২০২৪ সালের কপ-২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তার জন্য ২০৩৫ সাল নাগাদ প্রতিবছর অন্তত ৩০ হাজার কোটি ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে দরিদ্র দেশগুলোর মতে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের তুলনায় এই বরাদ্দ যথেষ্ট নয়। ২০২৫ সালের কপ-৩০ সম্মেলনেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও বন উজাড় ঠেকানোর বিষয়ে নতুন কোনো সুস্পষ্ট সমঝোতা হয়নি।
এবার কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, নিঃসরণ কমানো এবং অভিযোজনের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় এবং জলবায়ু তহবিল বাড়ানোর দাবি জানাচ্ছে।
ব্যক্তি পর্যায়ে কী করা সম্ভব?
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে বড় দায়িত্ব সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর। তবে ব্যক্তিগত পর্যায়েও সচেতন জীবনযাপন ও জ্বালানির অপচয় কমানোর মাধ্যমে ভূমিকা রাখা সম্ভব।
এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ—
১. অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার কমানো এবং জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা।
২. ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল ও হাঁটার অভ্যাস বাড়ানো।
৩. সম্ভব হলে বিমান ভ্রমণ কমানো।
৪. খাদ্যের অপচয় বন্ধ করা এবং গরু-খাসির মাংসের মতো রেড মিটের ব্যবহার সীমিত করা।
৫. সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।
৩. গাছ লাগানো, বন সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়া।
সামনে কী অপেক্ষা করছে?
জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি স্বাস্থ্য, খাদ্য, অর্থনীতি, নিরাপত্তা ও মানবজীবনের জন্য বড় বৈশ্বিক সংকট। এর প্রভাব সীমান্ত মানে না, শ্রেণি-পেশার পার্থক্যও বোঝে না। তবে ক্ষতির ভার সবচেয়ে বেশি বহন করতে হয় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে।
বিজ্ঞানীদের সতর্কবার্তা স্পষ্ট—এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা ছাড়া এই সংকট মোকাবিলার বিকল্প নেই।
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পুরোপুরি থামানো হয়তো আর সম্ভব নয়, কিন্তু এর ভয়াবহতা কতটা সীমিত রাখা যাবে, তা নির্ভর করছে বর্তমান বিশ্বের সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর।
