পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা, বুধবার ভারী বর্ষণের আভাস
সংগৃহীত ছবি
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার পাশাপাশি রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
যে অঞ্চলে যেদিন বৃষ্টি
পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
কমতে পারে বৃষ্টির প্রবণতা
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
