বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, সংকেত নামিয়ে ফেলার নির্দেশ
বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এখন সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিল আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বার্তাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
