সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ের গুঞ্জন, যা জানা গেল
সম্প্রতি বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বলিউড ও ক্রিকেট অঙ্গনে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়।
গত সোমবার থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে রাজবীর ও সারার বিয়ের খবর প্রচার হতে থাকে। এমনকি দুই তারকা পরিবার—দেওল ও টেন্ডুলকার পরিবারের মধ্যে নতুন আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা নিয়েও নানা জল্পনা চলে।
তবে শেষ পর্যন্ত জানা গেছে, এই বিয়ের খবরের কোনো সত্যতা নেই। পুরো বিষয়টিকে নিছক গুঞ্জন ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যমকে ওই সূত্র জানায়, সানি দেওলের ছোট ছেলে রাজবীরের সঙ্গে সারার বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। এমনকি তাঁদের দুজনের কখনো সরাসরি দেখাও হয়নি। সারা এখনো অবিবাহিত এবং বর্তমানে নিজের ক্যারিয়ার ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সূত্রটি আরও উল্লেখ করে, এ ধরনের ভিত্তিহীন জল্পনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর। তবে সারা নিজে এসব গুজবের কোনো আনুষ্ঠানিক জবাব দেবেন না; কারণ তিনি ব্যক্তিগত জীবনের বিষয়ে সবসময় মার্জিত ও সংযত থাকতে পছন্দ করেন।
উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও সময়ের সঙ্গে তা স্তিমিত হয়ে যায়। এবার রাজবীর দেওলের সঙ্গে বিয়ের খবর ছড়ালেও তা নাকচ করে দিল সারার ঘনিষ্ঠ মহল।
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। বিভিন্ন ফ্যাশন শো, ব্র্যান্ডের প্রচারণা ও তারকাখচিত অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে, সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলও বলিউডে পা রেখেছেন। ২০২৩ সালে অবনীশ এস বারজাতিয়ার পরিচালনায় রোমান্টিক সিনেমা ‘দোনো’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
