সব বিষয়ে একমত না হলেও বুঝতে হবে সবাইকে: শাহরুখ
সংগৃহীত ছবি
ঘৃণার বদলে ভালোবাসা, সহিংসতার বদলে সংলাপ এবং ভয়ের বদলে বিশ্বাসের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। এবার তিনি শান্তি ও মানবতার বার্তা দিলেন। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় নিহত সাধারণ মানুষ ও দেশের নিরাপত্তারক্ষীদের প্রতি জানিয়েছেন গভীর শ্রদ্ধা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে বক্তব্য দেন শাহরুখ। সেখানে তিনি বলেন, শান্তি কেবল একটি শব্দ নয়; এটি একটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং প্রতিদিন পূরণ করার প্রতিশ্রুতি। নিজের ছোট ছেলের সঙ্গে কথোপকথনের স্মৃতি তুলে ধরে শাহরুখ বলেন, একদিন তার ছোট ছেলে তাকে প্রশ্ন করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেয়া যায়? উত্তরে তিনি বলেছিলেন, সহিংসতার পরিবর্তে সংলাপ, ভয়ের পরিবর্তে বিশ্বাস এবং পারস্পরিক সম্প্রীতি বেছে নিলেই ভালোবাসার জয় হবে।
শাহরুখের বলেন, শান্তির শুরু মানুষের নিজের হৃদয় থেকে। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, তবে প্রত্যেকের গল্প ও অবস্থান বোঝার চেষ্টা করা প্রয়োজন। সব বিষয়ে একমত না হলেও বুঝতে হবে সবাইকে। সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলা, পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্মরণ করেন অভিনেতা। একই সঙ্গে হামলাগুলোতে প্রাণ হারানো নিরাপত্তাকর্মীদের প্রতি জানান সম্মান।
দেশের সেনা ও নিরাপত্তাকর্মীদের সাহসিকতার প্রশংসা করে শাহরুখ কয়েকটি পঙ্ক্তিও আবৃত্তি করেন। সেখানে একজন সেনার পরিচয়, দায়িত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি। তার ভাষায়, দেশের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের সবচেয়ে বড় উপার্জন ১৪০ কোটি মানুষের আশীর্বাদ।
অনুষ্ঠানটির আয়োজন করে দিব্যজ ফাউন্ডেশন। সংস্থাটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং অভিনেতা রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসিও
