রাইমা সেনের জন্মদিনে ঋতুপর্ণার শুভেচ্ছা, চান 'প্রিন্স চার্মিং' আসুক জীবনে
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনের জন্মদিন আজ। একই দিনে জন্মগ্রহণ করেছেন আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তরও। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় জন্মদিনে একে-অপরকে নিয়ে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারে লিখেছেন তারা।
রাইমাকে নিয়ে ঋতুপর্ণা লিখেছেন, “আমার আর রাইমার একই দিনে জন্মদিন। তাই আমরা খানিক একরকম। আমরা দু’জনেই খুব মিশুক। মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করি, মিলেমিশে যাই। আমরা আসলে পরিবারের মতোই হয়ে গেছি। আমি আর রাইমা যখন ‘অনুরণন’ করলাম, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে গিয়েছিল। আমরা দু’জনে ভীষণ মজাও করেছি।”
রাইমার সঙ্গে প্রায়ই আড্ডা হয় বলে জানান ঋতুপর্ণা। তার ভাষ্য, “ওর মনটাও ভীষণ ভাল, শিশুর মতো। আমার মা আর ওর বাবা, এই নভেম্বরেই চলে গেছেন। আমার মায়ের মৃত্যুর পর প্রথমে রাইমাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সঙ্গে মুনমুন সেনও এসেছিলেন। আমাদের হয়তো রোজ দেখা হয় না, কিন্তু কোথাও একটা বন্ডিং আছে। আমরা প্রচুর পার্টিও করি।”
রাইমার বয়স এখন ৪৭ বছর, কিন্তু বিয়ে করেননি তিনি। তাই বন্ধুর জন্য ঋতুপর্ণার প্রত্যাশা, দ্রুত যেন একজন আদর্শ পুরুষ আসে তার জীবনে। ঋতুপর্ণা লিখেছেন, “ও খুব প্রাণবন্ত। ওকে শুভেচ্ছা। এখন জীবনে যেন ও সবকিছু পায়। ও যখন যে কাজটা করে, সেটা খুব মন দিয়ে করে। শুধু আমার মনে হয় যে, ব্যক্তিগত সিদ্ধান্ত ওর একটু ভেবে নেওয়া উচিত। আমি চাই ওর জীবনে খুব তাড়াতাড়ি এক জন ‘প্রিন্স চার্মিং’ আসুক।”
