সিনেমার লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে এমডি ইকবাল
‘নসীব’ সিনেমার শুটিংয়ের লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পড়েছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর এলাকায় র্যাব পরিচয়ে একদল ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে। তবে পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় রক্ষা পান তিনি।
এমডি ইকবাল জানান, ‘নসীব’ সিনেমার লোকেশন খুঁজতে তারা শেরপুরে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করেন। তাদের হাতে ছিল লাঠি।
ইকবাল বলেন, ‘তাদের পোশাক, কথা বলার ধরন ও পায়ের স্যান্ডেল দেখে আমাদের সন্দেহ হয়। আমরা বুঝতে পারি, গাড়ি থামানোর পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে। এ নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়। পরে পরিস্থিতি বুঝে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসি। আল্লাহর রহমতে আমরা সবাই এখন নিরাপদে আছি।’
‘নসীব’ সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে একঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি।
