৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রী শাবানার নাম
তামিলনাড়ুতে প্রায় ৮৩২ কোটি টাকার চাকরি বিনিময় দুর্নীতির তদন্তে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িয়েছে। রাজ্যের সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত করছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)। মামলায় প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ টাকার আর্থিক অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযানও পরিচালিত হয়েছে।
এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেত্রী শাবানা। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, কোনো তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজ তাঁকে নিয়ে মিথ্যা খবর ও আপত্তিকর ক্যাপশন ছড়াচ্ছে। এমনকি তাঁর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোলও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাবানা বলেন, ‘আমাকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্টগুলো অত্যন্ত আপত্তিকর। এ ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’ অপপ্রচারকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘অভিযোগগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছে, তারা কি একইভাবে সত্য তুলে ধরার চেষ্টা করবে? আমার মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না। সম্মান দেওয়ার বা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমার পরিবার সত্যটা জানে।’
উল্লেখ্য, এই দুর্নীতির অভিযোগে শুধু শাবানা নন, এর আগে দক্ষিণী টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী জননী অশোককুমারের নামও আলোচনায় আসে। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন। কেরালায় জন্ম নেওয়া শাবানা সাজাহান তামিল টেলিভিশন ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তামিল অভিনেতা আরিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
