যে পুরুষকে জীবনের শেষ ঠিকানা ভাবেন জাহ্নবী
সংগৃহীত ছবি
শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে আলোচনা চলছে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে। এবার সেই সম্পর্কের বিষয়ে আর রাখঢাক করলেন না অভিনেত্রী। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে হাজির হয়ে প্রেম, বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
শোয়ে সঞ্চালক করণ জোহরের একের পর এক প্রশ্নের জবাবে জাহ্নবী জানান, ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। তবে সম্পর্কের বিষয়টি আড়াল করে রাখার পক্ষেও নন। অভিনেত্রীর কথায়, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, তবে সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করার কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বেশ বিরক্তিকর।’
শিখরকে নিজের জীবনের শেষ ঠিকানা হিসেবে দেখেন কি না, এমন প্রশ্নও করেন করণ। উত্তরে জাহ্নবী বলেন, ‘আমি তা-ই মনে করি। শিখর সবসময়ে আমার পাশে থেকেছে, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শুধু প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর নয়, তার আগেও শিখর কঠিন সময়ে পাশে ছিলেন বলে জানান অভিনেত্রী। মায়ের মৃত্যুর সময় শিখরের সহযোগিতার কথা উল্লেখ করে জাহ্নবী বলেন,
‘আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে আসে। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি। আমার কাছাকাছি এক বন্ধুর বাড়িতে থেকেছিল, যাতে আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’
সম্পর্কের বিষয়ে খোলামেলা হওয়ার পর স্বাভাবিকভাবেই বিয়ের প্রসঙ্গ উঠে আসে। কবে বিয়ে করবেন, করণের এমন প্রশ্নে জাহ্নবী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই তাদের। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’
ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। তার হাতে রয়েছে রাজ মেহতা পরিচালিত সিনেমা ‘লাগ যা গালে’। ছবিটিতে টাইগার শ্রফ, বিদ্যুৎ জামওয়াল ও টাবুর সঙ্গে অভিনয় করবেন তিনি। এ ছাড়া ধ্রুব বিক্রমের তামিল ছবি ‘জ্যাকি’ এবং পরিচালক আটলির ‘রাকা’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।
‘রাকা’ ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। পাশাপাশি উমেশ বিস্ট পরিচালিত একটি রোমান্টিক থ্রিলারেও কাজ করছেন জাহ্নবী। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আসন্ন সিনেমাগুলো নিয়েও ব্যস্ততা বাড়ছে এই অভিনেত্রীর।
