শাহরুখের যে স্বভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী
বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের গল্প দীর্ঘদিনের ভালোবাসার পাশাপাশি সম্পর্কের শুরুর দিকের টানাপোড়েনেরও সাক্ষী। তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন তারা। তবে একসময় শাহরুখের অতিরিক্ত অধিকারবোধ ও নানা বিধিনিষেধের কারণে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।
বহু বছর আগে টেলিভিশন ব্যক্তিত্ব সিমি গারেওয়ালের সঞ্চালনায় ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’ অনুষ্ঠানে নিজেদের প্রেমের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন এই দম্পতি। সেখানে শাহরুখ স্বীকার করেন, তখন গৌরীর প্রতি তার অধিকারবোধ ছিল অতিরিক্ত মাত্রায়। এমনকি গৌরী কী পোশাক পরবেন, তা নিয়েও শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি।
শাহরুখের ভাষ্য অনুযায়ী, গৌরীকে তিনি বলেছিলেন, তার প্রেমিকা হলে খোলা চুলে বাইরে যাওয়া যাবে না, পরা যাবে না সাদা শার্টও। প্রেমের সম্পর্কের মধ্যে এমন বিধিনিষেধ মেনে নিতে রাজি ছিলেন না গৌরী। শাহরুখের এই আচরণকে তিনি অযৌক্তিক বলে মনে করেছিলেন।
সাক্ষাৎকারে গৌরী জানান, শাহরুখের এমন মনোভাব তার কাছে অত্যন্ত আপত্তিকর ছিল। একপর্যায়ে তিনি সম্পর্কটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। শাহরুখকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে আর দেখা করবেন না। গৌরীর সেই অবস্থানই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে শাহরুখকে।
পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পারেন এই অভিনেতা। সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের প্রবণতা থেকে সরে এসে গৌরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে স্থির থাকেননি গৌরীও। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে দৃঢ় হয়।
শাহরুখ ও গৌরীর পরিচয় ১৯৮৪ সালে, দিল্লিতে এক বন্ধুর আয়োজিত অনুষ্ঠানে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ বছর, আর গৌরীর ১৪। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে প্রেম- এভাবেই এগিয়ে যায় তাদের সম্পর্ক। দীর্ঘদিনের প্রেম ও নানা বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা।
বর্তমানে এই দম্পতির তিন সন্তান- আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে শাহরুখ ও গৌরী এখন বলিউডের পরিচিত তারকা দম্পতিদের একজন। তাদের প্রেমের শুরুর দিকের এই ঘটনা সম্পর্কের মধ্যে ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক সম্মানের গুরুত্বও সামনে নিয়ে আসে।
