পরীমনির জন্মদিনে বিমানে শিউলি ফুল পাঠানো কে সেই ব্যক্তি?
চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল শিউলি ফুল। শুধু তাই নয়, চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়েছে এই ফুল। তবে কে এত আয়োজন করে পরীমনির জন্য ফুল পাঠিয়েছেন, তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেছেন অভিনেতা, পরিচালক ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
নিজের ফেসবুক পোস্টে পরীমনির প্রশংসা করার পাশাপাশি শিউলি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে মজার মন্তব্য করেছেন তিনি। তার মতে, পরীমনিকে ঘিরে এমন ভালোবাসার ঘটনায় চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন। তাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোন ব্যক্তি বিমানে করে পরীমনির জন্য এত ফুল পাঠিয়েছেন?
পরীমনির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে জয় লেখেন, ‘আমার কাছে কেন যেন মনে হয় পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য না কিংবা কাভারেজের জন্য না, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।’
পরীমনিকে বাংলাদেশের বড় তারকাদের একজন উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চিনে না এই দেশে এমন কেউ নাই। তার জন্য শুভকামনা।’
এরপরই শিউলি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে রসিকতা করেন এই উপস্থাপক। তিনি লেখেন, ‘কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দিবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক।’
নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে জয় আরও লেখেন, ‘এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’
গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। দিনটি উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে বিশেষ আয়োজন করেন তিনি।
এবারের জন্মদিনে সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ ছিল শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি সাজানো হয় এই ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে উপস্থিত হন পরীমনি। পুরো আয়োজনের সাজসজ্জা থেকে শুরু করে তার পোশাকেও ছিল শিউলির ছোঁয়া।
