আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার সময় গায়ক আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে বসে ছিলেন।
এ ঘটনায় গায়ক আসিফ আকবর ও তার বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। উক্ত ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
