‘ব্রো’র অবস্থা আমার মতো’, কাকে ইঙ্গিত করলেন সালমান মুক্তাদির
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানোর প্রেক্ষাপটে সামাজিকমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
সোমবার (১৯ অক্টোবর) তিনি লেখেন, ‘ব্রো’র অবস্থা আমার মতো। কাইজ্জা করে অন্য সবাই, দিন শেষে লস আমার।’ পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি বা ইশরাক হোসেনকে সরাসরি ইঙ্গিত করেননি।
তবে নেটিজেনদের একটি বড় অংশ কমেন্টে দাবি করেছেন, পোস্টটি বিএনপি নেতা ইশরাক হোসেনকে উদ্দেশ্য করেই করা হয়েছে। আজ তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এই পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দুই ঘণ্টায় ৪৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং শেয়ার হয়েছে অগণিত।
কমেন্ট বক্সেও চলছে ব্যঙ্গ-বিদ্রূপ। কেউ লিখেছেন, ‘ভাই খোঁচাটা আসল জায়গায় মারলেন বা এভাবে খোঁচা মারা যায়।’ ‘উদ্ভট নামের’ একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘কালো বন্দুক always কট দেয় হোক সেটা ডিবি হারুনের অথবা ইশরাকের।’
সম্প্রতি বিমানবন্দরের ভোগান্তি ভিডিও করে ভাইরাল হওয়া ড. ওরাকাতুল জান্নাত মন্তব্য করেছেন, ‘আমাদের ভাগ্যটাই এমন- কাইজ্জায় অংশগ্রহণ শূন্য কিন্তু ক্ষতিগ্রস্তের তালিকায় নাম এক নম্বরে!’ শেখ সাজ্জাদ নামের একটি আইডি সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ব্রো তো মেয়র হয়ে কামব্যাক দেবেন দুদিন পর, তোমার কামব্যাক কবে দেখব?’ কেউ কেউ আবার মজা করে বলেছেন, ‘ব্রো আর তুমি মিলে একটা রাজনৈতিক দল গড়ো, আমরা তাতে যোগ দেব।’
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পাঁচটি পিকআপে করে দুই-তিন শ লোক নিউগিনি প্রপার্টিজের মূল ফটকে জড়ো হয়ে ফটক ভেঙে গুলি করতে করতে ভেতরে ঢোকে। এ সময় সালমানের স্টুডিওসহ আশপাশের কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পুলিশ জানিয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
অন্যদিকে, রোববার থেকে গণমাধ্যমের শীর্ষখবরে রয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর একটি এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র উঁচিয়ে তিনি সমালোচিত হন। ওই রাতেই খবর আসে, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইশরাক প্রথমে এ খবর গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেন। তবে পরদিন সোমবার তিনি পদত্যাগ করেন।
