টুপটুপ রিসোর্টে আগুন, অভিনেতা ইরফান সাজ্জাদের ক্ষোভ
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার পর রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে, আগুনের মধ্যে সন্তানকে খুঁজতে থাকা এক মায়ের আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রিসোর্ট পরিচালনায় মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতার সমালোচনা করেন এই অভিনেতা। তার প্রশ্ন, পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা ছাড়াই কীভাবে এসব রিসোর্ট ব্যবসা চালিয়ে যাচ্ছে?
পোস্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘মন চাইলো বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেসেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নাম সর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’
এদিকে দুর্ঘটনার পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, টুপটুপ রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।
পর্যটনকেন্দ্রে এ ধরনের প্রাণহানির ঘটনা শুধু শোকই নয়, নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছাড়া কীভাবে পর্যটকদের আবাসনের সুযোগ দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি উঠছে।
ইরফান সাজ্জাদের পোস্টেও উঠে এসেছে সেই অবহেলা নিয়ে ক্ষোভ এবং দুর্ঘটনায় স্বজন হারানো মানুষের প্রতি গভীর সহমর্মিতা।
