প্রথমবার ভৌতিক সিনেমায় বরুণ ধাওয়ান, মুক্তি ২০২৭ সালে
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবার প্রথমবারের মতো ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় ওয়েব সিরিজ 'দ্য রকেট বয়েজ'খ্যাত নির্মাতা অভয় পান্নু। প্রযোজনা করবে যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)।
দীর্ঘদিন ধরে রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পরিচিত যশরাজ ফিল্মস এবারই প্রথম হরর ঘরানায় পা রাখতে যাচ্ছে। এর আগে হরর প্রজেক্টে কাজ করেননি বরুণ ধাওয়ানও।
গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নতুন এই হরর প্রজেক্টের কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'সুই ধাগা' সিনেমার দীর্ঘ আট বছর পর এ প্রজেক্টের মাধ্যমে পুনরায় ওয়াইআরএফের ব্যানারে ফিরছেন বরুণ ধাওয়ান। সিনেমাটির চিত্রনাট্যও তৈরি করেছেন পরিচালক অভয় পান্নু। ছবিটি প্রযোজনা করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অক্ষয় ভিধওয়ানি। যদিও সিনেমাটির নাম এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।
প্রযোজক যশ চোপড়ার হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ ব্যানারটি অতীতে 'দিওয়ার', 'সিলসিলা', 'চাঁদনী' কিংবা 'লমহে'-র মতো একাধিক কালজয়ী সিনেমা উপহার দিয়েছে। পরবর্তী সময়ে তার ছেলে আদিত্য চোপড়ার প্রযোজনা ও পরিচালনায় এসেছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'মহাব্বাতে' ও 'রব নে বানাদি জোড়ি'-র মতো ব্যবসাসফল ছবি। সম্প্রতি 'দ্য রেলওয়ে ম্যান' সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও নিজেদের অবস্থান তৈরি করেছে সংস্থাটি।
