গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ও ঊর্মিলা, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য
ছবি : সংগৃহীত
প্রবীণ বলিউড সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, নব্বইয়ের দশকে নির্মাতা রামগোপাল ভার্মা ও অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা গোপনে বিয়েও করেছিলেন। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানান তিনি।
জ্যোতি ভেঙ্কটেশ জানান, ‘জেন্টলম্যান’ সিনেমার শুটিং সেটে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর কাছ থেকে প্রথম তিনি এই খবর পান। চিরঞ্জীবী তাকে প্রশ্ন করেন, ‘জ্যোতি, তুমি তো সব নিয়েই লেখো, তাহলে রামগোপাল ভার্মা ও ঊর্মিলার বিয়ের খবরটি কেন লিখলে না?’ পরে চিরঞ্জীবী জানান, অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল এবং বিয়ে পড়ানো পুরোহিতের ফোন নম্বরও দেন তিনি।
খবরটি পত্রিকায় ছাপানোর আগে ঊর্মিলাকে ফোন করে নিশ্চিত হতে চেয়েছিলেন এই সাংবাদিক। তার দাবি, খবর শুনে ঊর্মিলা কেঁদে ফেলেন এবং বলেন, ‘আপনি আমাকে নিয়ে এমন কথা কীভাবে লিখতে পারেন! আমি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তো আপনি আমাকে চেনেন।’ পরে রামগোপাল ভার্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রামগোপাল ও ঊর্মিলার বিচ্ছেদের কারণও জানিয়েছেন জ্যোতি ভেঙ্কটেশ। তার মতে, ঊর্মিলা আইনিভাবে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রামগোপাল তখন এমন পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন না। এই মতবিরোধ থেকেই তাদের বিচ্ছেদ ঘটে।
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিকে এই জুটি একসঙ্গে ‘রঙ্গিলা’, ‘দাউদ’, ‘সত্য’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। তাদের সম্পর্কের গুঞ্জন তখন ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছড়িয়ে পড়ে। এমনকি এই গুঞ্জনের কারণেই রামগোপালের তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল বলেও শোনা যায়।
পরবর্তী সময়ে নিজের আত্মজীবনী ‘গানস অ্যান্ড থাইস: দ্য স্টোরি অব মাই লাইফ’-এ ঊর্মিলার প্রতি মুগ্ধতার কথা স্বীকার করেছেন রামগোপাল ভার্মা। ‘উইমেন ইন মাই লাইফ’ শিরোনামের অধ্যায়ে তিনি লিখেছেন, ঊর্মিলার সৌন্দর্যে তিনি এতটাই বিমোহিত ছিলেন যে, সেই মুগ্ধতা থেকেই তাকে ‘রঙ্গিলা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
