শিল্পা শেঠির বাড়িতে হানা, চলল তল্লাশি
ছবি : সংগৃহীত
আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। প্রায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার তার মুম্বাইয়ের বাসভবনে অভিযান চালিয়েছে আয়কর দপ্তর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আয়কর কর্মকর্তারা শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি শুরু করেন। এই অভিযানটি ৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগের সূত্র ধরেই চালানো হয়েছে বলে জানা গেছে। এর একদিন আগেই মুম্বাইয়ের দাদারে অবস্থিত শিল্পার রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তরের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই ওই রেস্তোরাঁর নতুন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগের দিনই শিল্পার বাড়িতে এই অভিযান চালানো হলো। এর মধ্যেই আইনি জটিলতার আবহে অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, মুম্বাইতে আরও একটি নতুন রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার পরপরই তাদের সংশ্লিষ্ট সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি শুরু হয়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন রেস্তোরাঁ নিয়ে একটি পোস্ট করেন শিল্পা শেঠি। সেখানে তিনি লেখেন, এই রেস্তোরাঁ তার সংস্কৃতির শিকড়কে উৎসর্গ করা হয়েছে এবং এখানকার খাবার ঘরোয়া স্বাদের অনুভূতি দেবে। পাশাপাশি ‘ব্যাস্টিয়ান’-এর জনপ্রিয় খাবারগুলিও রাখা হবে বলে জানান তিনি।
একটি ভিডিও শেয়ার করে শিল্পা আরও জানান, রেস্তোরাঁর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে নতুন রেস্তোরাঁটি সবার জন্য খুলে দেওয়া হবে। তিনি অনুরাগীদের সেখানে আসার আমন্ত্রণও জানান।
এদিকে, সম্প্রতি বেঙ্গালুরুর ‘ব্যাস্টিয়ান’ শাখা নিয়েও সমস্যায় পড়তে হয় শিল্পা শেঠিকে। নির্ধারিত সময়ের পরও রেস্তোরাঁ খোলা রাখায় কর্নাটক রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে। পাব ও রেস্তোরাঁগুলোর জন্য বেঁধে দেওয়া সময়সীমা অমান্য করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
