আর কনসার্ট করবেন না তাহসান
দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই ঘোষণা দিলেন কনসার্ট থেকে সরে দাঁড়ানোর। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা উদ্যাপন করছেন তার ২৫ বছরের সংগীতযাত্রার বিশেষ মুহূর্ত। সফরের অংশ হিসেবে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও একটি আয়োজনে তিনি ভক্তদের সামনে চমকে দিয়ে জানান, এটি তার শেষ কনসার্ট।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।
এর আগে অভিনয় থেকেও বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই শিল্পী। গত বছর তিনি জানান, টানা ২০ বছর অভিনয়ে কাজ করার পর নিজেকে একঘেয়েমি থেকে সরিয়ে আনার সময় এসেছে। তার ভাষায়, ভালো কাজ না হলে কিংবা কাজ একঘেয়ে হয়ে গেলে থেমে যাওয়া জরুরি।
অভিনয় ও সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে দাঁড়ানোর পেছনে শারীরিক সমস্যাও ভূমিকা রাখছে। কয়েক বছর আগে তিনি জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের এক রোগ ধরা পড়েছে। এই রোগে গলার কাঠামো পরিবর্তিত হয়, ফলে গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই ক্রমশ কমতে থাকে।
২০১৮ সাল থেকেই এই সমস্যা তাকে ভোগাচ্ছে। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’
‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরবর্তীতে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তাকে দেখা গেছে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে।
