চলে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী
সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের পরিচিত মুখ, এক সময়ের হিট নায়িকা বনশ্রী আর নেই। আজ (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, বনশ্রী গত পাঁচদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ভুগছিলেন হৃদরোগ, কিডনি জটিলতাসহ একাধিক রোগে। মৃত্যুর আগে তার দিনগুলো কেটেছে অসহ্য কষ্টে।
জন্ম মাদারীপুর জেলার শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে বড় ছিলেন বনশ্রী। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান। সিনেমায় অভিষেক ১৯৯৪ সালে, ‘সোহরাব রুস্তম’ ছবির মাধ্যমে। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তার প্রথম ছবিটিই হয়ে ওঠে ব্যবসাসফল। এরপর কাজ করেন মান্না, আমিন খান ও রুবেলের মতো তারকাদের সঙ্গে। অভিনয় করেন আরও প্রায় দশটি চলচ্চিত্রে।
কিন্তু রুপালি পর্দায় যতটা উজ্জ্বল ছিলেন, বাস্তব জীবন ততটাই করুণ ছিল বনশ্রীর। জীবনের এক পর্যায়ে সিনেমা থেকে হারিয়ে যান। বেঁচে থাকার সংগ্রামে ঘুরে বেড়াতে হয়েছে পথে পথে, এমনকি বাস করেছেন বস্তিতেও। দুই সন্তান থাকলেও কন্যাকে হারান ছিনতাইয়ে। রেখে গেছেন কেবল একমাত্র ছেলেকে।
বনশ্রীর শেষ ইচ্ছা অনুযায়ী, আজ বাদ আসর তাকে দাফন করা হবে শিবচর পৌরসভার গোরস্থানে। মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো এক রূপালি জীবনের করুণ অধ্যায়ের।
