নতুন পরিচয়ে বালাম
দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বালাম। ২০০৭ সালে একের পর এক হিট গান দিয়ে জয় করে নিয়েছিলেন শ্রোতাদের মন। এ ধারা অব্যাহত ছিলো প্রায় এক দশক। তারপর হঠাৎই খানিকটা আড়ালে চলে যান তিনি। অবশেষে ২০২৩ সালে ফেরেন প্রিয়তমা সিনেমায় গান গাওয়ার মাধ্যমে। যে গানটি ভাঙে বালামের বিগত সব রেকর্ড।
তবে গানের পাশাপাশি এবার নতুন রূপে ধরা দিচ্ছেন বালাম। জানা গেছে, মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। গেল শুক্রবার ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে, তা ঝাঁকড়া চুলের একজনের মুখের ওপরই বসানো! জানা গেছে, শুভ্র পেছনের ওই ঝাঁকড়া চুলের মানুষটি সংগীতশিল্পী বালাম।
বালামকে এর আগে ছোট পর্দায় টুকটাক দু-একটি নাটকে দেখা গেছে। কখনো আবার স্ত্রীসহ টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন তিনি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। এই কাজটি তিনি বেশ উপভোগ করেছেন বলে জানা গেছে। তবে ছবিতে বালামের চরিত্র নিয়ে পরিচালক বা বালাম কেউই কিছু বলতে চাননি। অনেক অনুরোধের পর অল্প কথায় বালাম বললেন, ‘কী করেছি, এখনই কিছু বলতে চাই না। তবে এমন কিছু হয়েছে, যা আগে হয়নি। দেখা যাক, সবাই অপেক্ষা করি।’
এদিকে বালামের চরিত্রটি নিয়ে পরিচালক মিঠু খান জানান, ‘ছবির একটি চরিত্রে একজন সংগীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাঁকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তাঁর খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাঁকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। চরিত্রটি নিয়ে আমরা তিন মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ে সময় মনে হয়েছে, আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি।’
তবে কী ধরনের চরিত্রে বালামকে পর্দায় দেখা যাবে, এমন প্রশ্নে ‘নীলচক্র’ পরিচালক বলেন, ‘আপাতত এসব বিষয়ে কিছুই বলতে চাই না। সবকিছুই রহস্য থাকুক। আমরা চাই, পুরো রহস্য সিনেমাটি মুক্তির পর প্রকাশ্যে আসুক।’
