যে কারণে জায়েদের মোবাইল পানিতে ছুঁড়ে ফেলেছেন সাকিব
কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মাত্র ৫ সেকেন্ডের একটি ক্লিপ। যেখানে দেখা যায়, জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুঁড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান! বিষয়টি নিয়ে মূহুর্তেই হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে। তবে সবাই ধরেই নিয়েছিলেন, দৃশ্যটি পাতানো এবং নিশ্চিত এটা কোনো বিজ্ঞাপনের পূর্ভাবাস!
দুই দিনের মধ্যেই জানা গেল, মোবাইল আর্থিক পরিষেবা ‘নগদ’-এর বিজ্ঞাপনের অংশ ছিলো সেই পাতানো দৃশ্যটি! এরইমধ্যে বিজ্ঞাপনের টিজারও প্রকাশ করেছে নগদ। যেখানে দেখা যায়, প্রথমবার এক ফ্রেমে ধরা পড়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবং সময়ের ভাইরাল কিং জায়েদ খান! যে বিজ্ঞাপনে জায়েদের উপস্থিতির প্রশংসা করছেন নেটিজেনরা। আর বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে গোলাম কিবরিয়া ফারুকী বলেন, ‘সাকিব আল হাসান ও জায়েদ খানকে এক ফ্রেমে আনার পরিকল্পনাটি আসলে নগদের। আমাদের যখন বলা হলো যে, বিজ্ঞাপনে সাকিব এবং জায়েদকে তারা চায়। তাদের প্রস্তাবে আমরা রাজি হয়েছি। এটার অন্যতম কারণ, তাদের (সাকিব ও জায়েদ) উপস্থিতি কমার্শিয়ালের গল্পটার সাথে যায়। তার ওপর জায়েদ ভাইয়ের সাথে যখন আমরা কথা বলেছি, তখন দেখেছি- ভালো কাজের প্রতি তার একটা ক্ষুধা আছে।’
জায়েদকে নিয়ে গোলাম কিবরিয়া আরো বলেন, এর আগেও জায়েদ ভাইয়ের সাথে কথা হয়েছে। তারমধ্যে একটা দারুণ ব্যাপার আমরা লক্ষ্য করি। ব্যক্তিগতভাবে কথা বলে বুঝেছি, ভালো এক্টিং এবং দারুণ কিছু করার প্রবণতা আছে। উনি ছবিয়ালের সাথে বা আমাদের সাথে কাজ করতে চায়। তার এই ক্ষুধাটা দেখেছি বলেই নগদ যখন বিজ্ঞাপনে তাকে চায় বলে জানিয়েছে, তখনই আমরা রাজি হয়ে যাই। সাকিব ও জায়েদ ভাইকে এক ফ্রেমে নিয়ে আসলে এরকম আলোচনা তৈরি হবে, সেটাতো একরকম আন্দাজ ছিলোই।’
