নীলচক্রে শুভ
ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। গেল বছর মুক্তি পেয়েছে তার বহুল প্রতিক্ষিত সিনেমা ‘মিজিব’। এ সিনেমার জন্য প্রায় তিন বছর অন্য কোনো প্রজেক্ট হাতে নেননি এ অভিনেতা। কিন্তু ২০২৩ এর শেষের দিকে নতুন সিনেমায় কাজ শুরু ঘোষণা দিয়েছিলে শুভ। যার নাম ‘নীলচক্র’। এবার সামনে এল এর ফাস্টলুক পোস্টার।স
বরাবরই নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ। তাইতো গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও এ বিষয়ে আর বেশি কিছু বলেননি এই অভিনেতা। অবশেষে শুক্রবার (৩ মে) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমার ফাস্টলুক পোস্টার। প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। একটু খেয়াল করলেই বোঝা যায় তার ঠিক পেছনেই রয়েছে লম্বা চুলের একজন ছায়ামানব। কিংবা রূপক হিসেবে চিন্তা করলে, কোনো একজনের বদলে শুভ!
নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, ‘নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র।’ যদিও সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সে সব পরিষ্কার করা হয়নি এই পোস্টে। এমনকি ঠিক কী গল্প নিয়ে এ সিনেমাটি তৈরি করা হয়েছে তাও জানাননি শুভ। তবে অনেকেই ধারণা করছেন, থ্রিলারধর্মী কোনো গল্প হয়তো থাকছে এতে। গল্প যা-ই হোক না কেন আরএ একবার নতুন রূপে শুভ হাজির হচ্ছেন, এমনটাই বলছেন নেটিজেনরা।
জানা গেছে, ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
