নাদিয়ার বদলে এবার আইশা
৮ বছরের সংসার নাঈম-নাদিয়ার। তবে এই ৮ বছরে দাম্পত্যজীবন নিয়ে কোনো ঝামেলায় জড়াতে দেখা যায়নি এই জুটিকে। তবে এই প্রথমবার নাঈম-নাদিয়ার মাঝে এল এক নায়িকা। সে আর কেউ না বরং আইশা খান।
তবে আইশা খান বাস্তবে নাইম-নাদিয়া মধ্যে আসেননি। নতুন এক সিনেমার নাঈমের নায়িকা হয়ে আসছেন তিনি। জানা গেছে, প্রিয় সত্যজিৎ’— এর পর এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান। সিনেমার নাম ‘শেকড়’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। তবে এই বিষয়টি নিয়ে নির্মাতা কিংবা অভিনয়শিল্পীরা এখনি মুখ খুলতে নারাজ।
এই বিষয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘হ্যাঁ, ‘শেকড়’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। সেটা নিয়েই আগামী ২ মে সংবাদ সম্মেলন রয়েছে, সেখানেই বিস্তারিত জানানো হবে। এর আগে কিছুই জানাতে চাচ্ছি না।’ জানা গেছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।
উল্লেখ্য, ২০১০ সালে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছিল এফ এস নাঈমের। এরপর বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। যা এখনও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, ‘আহত ফুলের গল্প’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক ঘটে আইশা খানের।
