‘ওর সঙ্গে আমার দুষ্ট-মিষ্ট একটা সম্পর্ক ছিল’
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। তার বিপরীতে দুটো সিনেমায় অভিনয় করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জাহারা মিতু। অভিনয়ের সূত্র ধরে তাদের বন্ধুত্ব হয়। এমনকি একসময় এ জুটির প্রেমের গুঞ্জনও চাউর হয়। যদিও বিষয়টি নিয়ে সেসময় দুই তারকার কেউই কখনও নিশ্চিত করে কিছু বলেননি। তবে এবার বাপ্পির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মিতু।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নায়ক বাপ্পির সঙ্গে জাহারা মিতুর বন্ধুত্ব-প্রেম নিয়ে জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘বাপ্পি অনেক বোকা! বাপ্পি কোনো কিছুই জাজ না করে অন্য মানুষের কথা শুনে বিশ্বাস করে বসে। আমার কথা হলো তুই তো আমার জামাই না, তুই তো আমার প্রেমিকও না, তুই আমার ফ্রেন্ড। তোর জন্য আমার দরজা খোলা। যখন তখন আমাকে জিজ্ঞাসা করতে পারিস।’
তবে মিতুর মতোই বাপ্পি চৌধুরী তাকে বন্ধু হিসেবে দেখতেন কিনা জানতে চাইলে মিতু বলেন, ‘‘এটা একটা প্রশ্ন! বাপ্পি এখন অনেক কিছু অস্বীকার করবে, হয় তো স্বীকার করবে কিন্তু আমার কাছে সবসময় বন্ধু ছিল। সে সময় সংবাদমাধ্যমে নিজের মুখে বাপ্পি বলেছিল, ‘আমেরিকা প্রবাসী এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে।’ সে সময় ওই আমেরিকায় বসবাসরত মেয়েটার ছবি এনে দেখিয়ে বলেছিল, দোস্ত মেয়েটা দেখতে কেমন? মেয়েটার ছবি দেখে আমি প্রথমেই বলেছিলাম, তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো। দুষ্টমি করে কথাটা বলেছিলাম। ওর সঙ্গে আমার দুষ্ট-মিষ্ট একটা সম্পর্ক ছিল।’’
কিন্তু বাপ্পি চৌধুরী জানতে পেরেছিল মেয়েটি (নায়িকা) বিবাহিত। এ তথ্য উল্লেখ করে মিতু বলেন, ‘সেই মেয়েটা আগে থেকেই বিবাহিত। এটা জানার পরই বাপ্পি সেখান থেকে ফিরে আসে। আমার যতদূর মনে হয়েছিল, বাপ্পি সিরিয়াস ছিল। বাপ্পি মেয়েটির পাসপোর্ট থেকে জানতে পারে সে বিবাহিত ছিল। বাপ্পি তাকে ছেড়ে দিয়ে খুব ভালো ছিল তা কিন্তু নয়; মেয়েটিও অনেক কষ্ট পেয়েছিল।’
