পণ ভাঙলেন বুবলী
চিত্রনায়িকা বুবলী। নয় মাস আগে বলেছিলেন শাকিব খানের নামটাও তিনি উচ্চারণ করতে চান না। সম্প্রতি তার কথা থেকে সরে এসেছেন। গতকাল কলকাতায় শাকিব খানকে নিয়ে কথা বললেন ঢাকাই ছবির এই নায়িকা। কেন পণ ভাঙলেন এ তারকা। এটা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।
শনিবার কলকাতায় শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশিত হয়। টিজার প্রকাশ অনুষ্ঠানে কলকাতার অন্য সব অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন বুবলী। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বুবলী বলেন, তাঁর কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে। সাংবাদিকরা বুবলীর কাছে জানতে চান, দেশের বাইরে সিনেমায় অভিনয়ের আগে শাকিব খানের কাছ থেকে কোনো পরামর্শ বা উপদেশ নিয়েছেন কি না। এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে তাঁর শুভকামনা, ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তাঁর হাত ধরেই। তাঁর মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তাঁর সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সবসময়।’
টিজার প্রকাশের আগে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়। আর সেই পোস্টার শাকিব খান দেখেছেন বলে জানান বুবলী। সংবাদমাধ্যমে বুবলী এ–ও বলেছেন, ‘তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ। তিনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’
