টলিউডে তারিনের অভিষেক
জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দেশের সীমানা পেরিয়ে এবার কলকাতার সিনেমায় অভিষেক হলো তার। গেল ২৬ এপ্রিল (শুক্রবার) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘এটা আমাদের গল্প’। সিনেমাটি নির্মাণ করেছেন মানসী সিনহা।
সম্প্রতি এ সিনেমা নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে তারিন বলেন, ‘এই সিনেমায় দর্শক আমাকে দেখবেন বাংলাদেশের মেয়ে হিসেবে, যার বিয়ে হয় কলকাতায়। যে সংসারে বিয়ে হয়, মূলত সেই সংসারের গল্প নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনী। এটি পরিবারসহ সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশা করি, সবার ভালো লাগবে।’
এদিকে প্রায় তিন দশক ধরে দেশের টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী কীভাবে এই সিনেমায় যুক্ত হয়েছিলেন তা জানতে চাইলে তারিন বলেন, ‘মানসী দিদি বেশ আগে একবার বাংলাদেশে এসেছিলেন। তখনই প্রথম তার সঙ্গে দেখা হয়। তারপর তিনি আমার মোবাইল নম্বর নিয়ে যান। পরবর্তীতে সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। গল্পটা বলেন। প্রথম শোনাতেই গল্প আমার ভালো লেগে যায়। এরপর যুক্ত হই। এইতো এভাবেই কাজটা করা।’
অন্যদিকে, গেল বছর দেশে মুক্তি পেয়েছে তারিন অভিনীত সিনেমা ‘১৯৭১: সেই সব দিনগুলো’। অনেক বছর পর এই সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় ফিরে সবাইকে তাক লাগিয়ে দেন তারিন জাহান।
