‘কোন দিকে নজর তাদের’— জানতে চাইলেন নোরা
বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমানবন্দর, রেস্তোরাঁ, ক্যাফে— তিনি যেখানেই যাবেন, সেখানেই হাজির হন পাপারাজ্জিরা। নোরাও সাংবাদিকদের সঙ্গে বেশ আন্তরিকভাবেই কথা বলেন। তবে এবার এই পাপারাজ্জিদের ওপরই চটলেন বলিউডের নোরা।
বর্তমানে নোরার ভক্তসংখ্যা অনেক। তার নাচ, গান অভিনয়, বিশেষ করে তার ব্যক্তিত্বর জন্য এতো জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই তার যেকোনো ইভেন্টেই হাজির হয়ে যান সাংবাদিকরা। তবে শুধু হাজির হলে ভিন্ন কথা, এ অভিনেত্রীর এক্সক্লুসিব ছবি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ছবি শিকারিরা। পরে তা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছেড়ে বিভিন্ন বির্তকিত পরিস্থিতি তৈরি করেন তারা। এক সাক্ষাৎকারে নোরা জানালেন, মাঝে মধ্যেই ছবি শিকারিরা শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন! শুধু তাই নয়, আজব প্রশ্নও নাকি করেন! আর এতেই পাপারাজ্জিদের ওপর চটেছেন এ কানাডিয়ান মরোক্কান অভিনেত্রী।
নোরা বলেন, ‘মনে হয় আমার মতো নিতম্ব কখনও দেখেনি ওরা। সব সময় এমন হয়। শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়। তবে অপ্রয়োজনীয় ভাবে তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?
নোরা জানান, সামাজিক মাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এই সব করা হয়। এদিকে, শরীরের কারণে বার বার শিরোনামে এসেছেন। তবে নিজের শরীর নিয়ে কোনো মাথাব্যথা নেই নোরার। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি কখনোই আমার শরীর নিয়ে লজ্জিত নই। ছবি শিকারিদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। আমি এক একজনকে ধরে ধরে ঠিক ভুলের শিক্ষা দিতে পারব না।’
