চটেছেন শাবনূর
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। দুই যুগের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। তবে এখন আর নিয়মিত নন তিনি। তবে কিছুদিন আগে, নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। চলতি বছরের শুরুর দিকে সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমান শাবনূর। এতে সিনেমা দুটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকে। কেউ কেউ তো এও বলেছিলেন শিগগির আর ফিরছেন না এ নায়িকা।
এ সব খবরেই চটেছেন শাবনূর। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এসে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এ নায়িকা। এসময় শাবনূর বলেন, ‘বাংলাদেশ আর অস্ট্রেলিয়া নিয়ে এত টানাটানি কেন বলেন তো! আমি বাংলাদেশে থাকলেই বা কী আর অস্ট্রেলিয়ায় থাকলেই কী! আপনি জানেন, গত বছর আমি পাঁচবার দেশে ফিরেছিলাম। কেউ সেটার খোঁজ রেখেছিল? এবারও চার মাসের মধ্যে দুইবার এলাম দেশে। এখানে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, সরকারকে নিয়মিত ট্যাক্স দিই। তাহলে এত এত দেশে ফেরা নিয়ে কথা হবে কেন? ঠিক করেছি, এখন থেকে কবে দেশে এলাম, কবে গেলাম, কাউকে জানাব না।’
এদিকে নিজের জন্মদিনে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিন-তারিখ ঠিক করা হয়েছিল। এ নিয়ে নায়িকা বলেন, ‘তড়িঘড়ি করে কোনো কাজ করতে চাই না। আগে পাণ্ডুলিপিটা মনের মতো হোক, সুন্দরভাবে পরিকল্পনা করে সব গুছিয়ে নিয়ে তারপর শুটিং করা যাবে। আমাকে দর্শক আগে যেমন দেখেছিলেন এখনো তেমন শাবনূর হয়েই ফিরতে চাই। বছরে দরকার হলে একটি বা দুটি ছবি করব, না হলে একটিও করব না। তবে নামের প্রতি অবিচার করব না। শাবনূর হয়ে উঠতে আমার সময় লেগেছে তিন দশক। এক ঝটকায় সেটা ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।’
