কতো টাকার মালিক শিল্পা শেঠি?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন তিনি। বি-টাউনে নিজের জমি শক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে।
শিল্পা এখন সফল অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তার শুরু জার্নিটা এতো সহজ ছিলো না। শুরু থেকেই এতো যশ খ্যাতিও ছিলো না এ অভিনেত্রীর। ভারতীয় গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছেন, প্রযোজকদের থেকে শুধুই প্রত্যাখ্যান জুটেছিল তার কপালে। শুধু তাই নয়, প্রচুর অপমানের জ্বালা সহ্য করতে হয়েছিল তাকে। প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হয়েও হাল ছাড়েননি। নিজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন। অবশেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি কালো রোগা এবং লম্বা ছিলাম। স্নাতক শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যদিও আমি আমার মন থেকে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম। ভাবিনি যে, আমি সেই সুযোগ পাব। আমার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। তখনও দুনিয়াটাকে জানা হয়নি আর জীবনটা বুঝতাম না।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু আমার নিজের জন্য রুখে দাঁড়াইনি, যারা বর্ণবিদ্বেষের শিকার হন, তাদের হয়েও রুখে দাঁড়িয়েছি। আমার জীবনটা উত্থান-পতনে ভরা। খুব খারাপ সময় পার করেছি, কিন্তু আবার কখনও কখনও দারুণ জয়ের স্বাদও পেয়েছি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছি। আর এটাই আমাকে আজ বলিষ্ঠ স্বাধীনচেতা, গর্বিত অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে গড়ে তুলেছে।’
বর্তমানে শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। জানা গেছে, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি। যার মধ্যে ভারতের বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাংলো রয়েছে। শুধু তাই নয় শিল্পার একটি প্রাইভেট জেটও রয়েছে বলে জানা গেছে।
