সাধারণ সম্পাদক হয়ে যা বললেন ডিপজল
উৎসবের আমেজে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর (২৬৫)। মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল (২২৫)। এদিকে মাত্র ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)।
শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। তবে ফল ঘোষণার পর এবার আর কোনো বিশৃঙ্খলায় পরতে হয়নি শিল্পীদের। বরং ফল ঘোষণার পর নিপুণ নিজেই ফুলের মালা দিয়ে ডিপজলকে বরণ করে নেন। অন্যদিকে, বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, ‘নির্বাচনে হার-জিত বড় কথা না। আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। তাছাড়া নিপুণকে আমিই চলচ্চিত্রে এনেছিলাম। তাকে আমি মেয়ের মতোই আদর করি।’
সৌহার্দ্যপূর্ণ মনোয়াব প্রকাশ্ন করতে দেখা যায় সাবেক সাধারণ সম্পাদক নিপুণকে। তিনি বলেন, ‘ভেবেছিলাম ডিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াব, ভোট পাব সর্বোচ্চ ৫০টি। সেখানে ভোট পেলাম ২০৯টি। হেরে গেলাম মাত্র ১৬ ভোটে। এতে প্রমাণ হলো শিল্পী সমিতির ভাই-বোনেরা আমাকে কতটা ভালোবাসেন। এত সম্মান দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’
এদিকে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২৩১)।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত হয়েছেন।
