শূন্যে উড়াল দিলেন বাউল শিল্পী পাগল হাসান
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ৩৫ বছর বয়সী পাগল হাসান।
ছাতক থানার ওসি মো. শাহ আলম জানান, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সংগীতশিল্পী পাগল হাসান আজ সকাল সাড়ে ৭টায় তার কয়েকজন স্বজনকে নিয়ে সিএনজি (অটোরিকশা) দিয়ে ছাতকে আসছিলেন। গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস দোয়ারাবাজার যাচ্ছিল। এ সময় সুরমা সেতুর টোল প্লাজার কাছে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। এসময় ঘটনাস্থলেই মারা যান শিল্পী পাগল হাসান। তার অপর তিন সঙ্গীকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ীর ইঞ্জিন’সহ অসংখ্য জনপ্রিয় গান রচয়িতা ও গায়ক পাগল হাসান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ভক্ত-অনুরাগীরা।
