গান গাওয়ার কারণ জানালেন জয়া
গান প্রকাশের আগেই ধারণা করা হচ্ছিলো, এবার গায়িকা হিসেবে হাজির হচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কোক স্টুডিওর নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’তে গলা মিলিয়ে সেই ধারণাকেই বাস্তবে প্রমাণ করে দিলেন এ অভিনেত্রী। তবে অভিনয়ের ব্যস্ততা রেখে হঠাৎ গায়িকা হওয়ার দিকে কেন মন দিলেন জয়া?
এ প্রশ্নের উত্তর জয়া নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এ প্রসঙ্গে ফেসবুকে জয়া লিখেছেন, ‘শাড়ি আমার প্রাণের অহংকার, শাড়ি আপামর বাংলাদেশের ঐতিহ্য, প্রতি সুতোর বুননে বাংলাদেশের শিল্পীদের মুন্সিয়ানা প্রতিফলিত। এবার সেই শাড়ির ঐতিহ্য নিয়েই আমরা কয়েকজন গলা মেলালাম কোক স্টুডিও বাংলার নতুন গান তাঁতিতে। এই গান বাংলাদেশের তাঁতিদের এবং তাঁতশিল্পের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।’
জয়া আরও বলেন, ‘আমি নিজে শাড়ি খুব ভালোবাসি। বাংলাদেশের জামদানি, মসলিনসহ সমস্ত দেশীয় শাড়ি আমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে অচিরেই। আমি বিশ্ব আঙিনায় বহুবার বাংলাদেশের জামদানি শাড়িকে পরিবেশনা করেছি। শাড়ির প্রতি সেই ভালোবাসা এবং অর্ণবের আন্তরিক অনুরোধ থেকেই এই গানের সঙ্গে আমার যুক্ত হওয়া। দুর্দান্ত একটি টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো।’
