‘আদম’ ছবির পরিচালক আর নেই!
মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ। সোমবার ভোর চারটা নাগাদ রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ এই নির্মাতা।
জানা গেছে, ভোরে বাসার কেয়ারটেকারকে কল দিয়ে হিরণ জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত পৌঁছালেও, ভেতর থেকে বন্ধ থাকায় কারণে রুমে ঢুকতে ব্যর্থ হন কেয়ারটেকার৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে মৃত অবস্থায় পান হিরণকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৮ বছর।
এদিকে, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’। এতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। এছাড়া তার পরিচালনায় ‘রং রোড’ নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
