যে কারণে পরিচালককে ‘না’ বলে দিলেন রণবীর?
কয়েকদিনের মধ্যেই 'রামায়ণ'-এর শ্যুটিং শুরু করবেন রণবীর কাপুর। প্রথমবার 'রাম' হয়ে বড় পর্দায় হাজির হবেন 'অ্যানিম্যাল'-খ্যাত এ তারকা। জোরেসোরেই চলছে তার প্রস্তুতি। কিন্তু এরইমধ্যে সামনে এলো নতুন ঘটনা। সবকিছু ঠিকঠাকই ছিলো, কিন্তু হঠাৎই পরিচালক নীতিশ তিওয়ারি-কে কিছু বিষয়ে সোজা 'না' বলে দিয়েছেন অভিনেতা।
জানা গেছে, রাম চরিত্রের জন্য কোনো রকম ডিজিটাল শরীর বা লুক চান না রণবীর। সম্প্রতি তিনি নির্মাতা নিতেশ তিওয়ারিকে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর 'রাম' চরিত্র চেহারার নির্মাণে কোনওরকম সিজিআই এবং ভিএফএক্সের এর ব্যবহার চলবে না। কারণ রণবীর নিজেই চরিত্রটির জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে কড়া ডায়েট, জিম আর যোগ ব্যায়াম সহ নানান ধরণের প্রশিক্ষণের মাধ্যমেই 'রাম'-এর জন্য প্রয়োজনীয় শারীরিক কাঠামো তৈরি করছেন রণবীর।
সম্প্রতি রোপ এক্সারসাইজ, লোহার ভারী বল নিয়ে ওয়েট ট্রেনিং, সাইকেলিং, সাঁতার, সহ নানান ধরনের শরীরচর্চা করতে দেখা গিয়েছে এ অভিনেতাকে। শুধু তাই নয়, রাম হতে তিরন্দাজিও শিখছেন রণবীর। আলাদা করে প্রশিক্ষণ নিচ্ছেন শুদ্ধ হিন্দি ভাষারও। এমনকি ধূমপান, মদ্যপান সবই ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে, গত ২ এপ্রিল থেকেই মুম্বাই ফিল্ম সিটিতে রামায়ণের শুটিং শুরু হয়েছে। ১৭ এপ্রিল থেকে শ্যুটিং শুরু করবেন রণবীর কাপুর। রামায়ণে রণবীরের সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণ হচ্ছেন দক্ষিণের যশ, হনুমান হচ্ছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।
