তৃতীয় সিজন নিয়ে কোক স্টুডিও বাংলা
গত দুই সিজনের ব্যাপক সাফল্যের পর তৃতীয় সিজন নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এর যাত্রা। সেখানে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পী থাকবে বলে জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত দুই সিজনের সাফল্যের পথ ধরে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে আগামী ১৩ এপ্রিল। তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। সংগীত প্রযোজক হিসেবে তাঁর সঙ্গে আরও থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যান্যরা।
এ প্রসঙ্গে অর্ণব বলেন, ‘দারুণ কিছু গান নিয়ে, দেশীয় সংস্কৃতি উদ্যাপন করতে আরও একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও ফুটিয়ে তুলবে। ট্র্যাডিশনাল থেকে আধুনিক সুর, সবকিছু মিলিয়ে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজন হয়ে উঠবে শৈল্পিক বৈচিত্র্য ও সৃষ্টিশীলতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।’
