বিয়ের পর ওমরাহ করলেন স্পর্শিয়া
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তবে বিয়ের পর সাধারণত সবাই হানিমুনে গেলেও এ তারকা গিয়েছেন ওমরাহ করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রোববার (৭ এপ্রিল) বিকেলে স্বামী রিফাতের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন স্পর্শিয়া। যেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়। এতে লিখেছেন ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করলে জামাইকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরীফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।’
জানা গেছে, ওমরাহর ছবিটি এখন পোস্ট করলেও গতমাসে মক্কা নগরীতে গিয়েছিলেন তিনি। এ অভিনেত্রীর স্বামী একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সিনেমা, সিরিজ মিলিয়ে বেশ কিছু প্রোজেক্ট নিয়ে ব্যস্ত আছেন স্পর্শিয়া।
