সুশান্তের ফ্ল্যাট কেনা নিয়ে রহস্য করছেন আদা শর্মা
গেল বছর ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। কিন্তু এবার তাকে নিয়ে আলোচনার বিষয় তার নতুন অ্যাপার্টমেন্ট, যেখানে আগে থাকতেন সুশান্ত সিং রাজপুত।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৩,৬০০ স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকতেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০১৯ সালের ডিসেম্বরে মাসিক সাড়ে চার লক্ষ টাকায় ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। কিন্তু ২০২০ সালে হঠাৎই মৃত্যু হয় এ তারকার। সেসময় এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার করা সুশান্তের লাশ। এবার সুশান্তের সেই আলোচিত অ্যাপার্টমেন্টটি ভাড়া নিতে যাচ্ছেন আদা শর্মা। তবে এ বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলছেন এ অভিনেত্রী।
বরং কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে আদা বলেন, ‘আপাতত আমি শুধু বলতে চাই যে আমি সবার হৃদয়ে বাস করি। এ বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নিশ্চয় আসবে। আমি যখন ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ প্রাইভেট পার্সন। আমি আমার সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চাই। তবে আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি।’
