সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি!
ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা। কিন্তু কিছুদিন আগেই মা হারিয়েছেন এ অভিনেত্রী। তাই সব কাজের মাঝেও যেন মায়ের অভাব বিদ্যমান। শুধু তাই নয়, এখন পরিবার নিয়েই বেশি ভাবছেন পূজা। এমনকি বিয়ের পর সিনেমা ছাড়াতেও দ্বিধা নেই এ নায়িকার।
সম্প্রতি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন পূজা। এ সময় তার মায়ের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা অবশ্যই অনেক আনন্দের। আবার অন্যদিক থেকে ভীষণ কষ্টেরও। কেননা— এই ঈদে আমার মা নেই। এরপরও আমাকে অভিনয় এবং সিনেমার প্রোমোশনে যেতে হবে। কারণ এটা আমার পেশা। যে পেশায় সফলতা পেলে সবথেকে বেশি খুশি হবে আম্মু। এজন্য তার স্বপ্ন পূরণে কাজটি মন দিয়ে করতে চাই আমি। কিন্তু পরিবার যদি চায় বিয়ের পর সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, তাহলে ছেড়ে দিব। আমার মায়ের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। তিনি হতে পারেননি। তবে আমাকে বানিয়েছেন। আর এখন মা নেই। এখন পরিবারই আমার কাছে সব।’
এদিকে, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘লিপস্টিক’। এতে কেন্দ্রিয় চরিত্রে বুচি’তে অভিনয় করেছেন পূজা। সিনেমায় পূজার সঙ্গী হয়েছেন আদর আজাদ।
