নিশোর জায়গায় কলকাতার যিশু
চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘তুফান’। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নায়ক শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। এতে শাকিবের নায়িকা হিসেবে থাকছে উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তাদের সঙ্গে এই সিনেমাতে আরও যুক্ত হয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী।
শুরুতে শোনা যাচ্ছিলো, এ সিনেমার আরেকটি বড় চমক হতে যাচ্ছে এর খলনায়ক বা ভিলেন। কারণ, সেই চরিত্রের জন্য নির্মাতা এবং প্রযোজনা সংস্থার পছন্দ ছিলো নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। কিন্তু এখন আবার নতুন গুঞ্জন উঠেছে এ সিনেমাকে ঘিরে।
জানা গেছে, নিশো নয় বরং কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত হতে যাচ্ছেন ‘তুফান’র ভিলেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, কোনও এক অদৃশ্য হাতে আফরান নিশোর নামটি কাটা পড়েছে। তার বদলে যিশু এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। শিগগির যার আনুষ্ঠানিক ঘোষণাও আসবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা এখনও নিশ্চিত করছেন না। বলছেন, সময় হলে ঘোষণা দেবেন।
এদিকে, পুরোপুরি অ্যাকশন ঘরানা সিনেমা হতে যাচ্ছে ‘তুফান’। ধারণা করা হচ্ছে, বরাবরের মতো এবারও রাফী দেখাবেন সত্য কোনও গল্পের রেশ। যেখানে উঠে আসবে এক গ্যাংস্টারের জীবনের গল্প, যে গল্পটা বাস্তবেও ছিলো বা আছে এই শহরে। শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। এটি নির্মিত হচ্ছে চরকি, আলফা আই ও এসভিএফ-এর যৌথ প্রযোজনায়। আগামী ঈদুল আজহায় এটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
