ছেলে খোঁজার সময় পাইনি: সায়ন্তিকা
টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন সায়ন্তিকা। শোনা যাচ্ছে, এই সুন্দরী নাকি বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না । অতি বড় সুন্দরি না পায় বর- তবে কি এই কথাটিই সত্য হয়ে গেলো ? কিন্তু কেন এই অভিনেত্রী পাত্র খুঁজে পাচ্ছেন না।
লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই ভক্তদের মুখে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে লড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। হেরে গেলেও বাঁকুড়াকে ছেড়ে দেননি তিনি।
গেল দু’বছর বেশ কয়েকবার কলকাতা থেকে বাঁকুড়া আসা যাওয়া করেছেন বলে দাবি অভিনেত্রীর। বিধানসভায় দলকে যে আসন দিতে পারেননি, আশা ছিল, লোকসভায় সেটাই ফিরিয়ে দেবেন। কিন্তু সেই আশা পূরণ হল কই! তাঁর বদলে বাঁকুড়া আসনে তৃণমূল টিকিট দিয়েছে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। তারপর বিভিন্ন সময় টিকিট না পাওয়ার আক্ষেপের কথাও জানিয়েছেন অভিনেত্রী। রটে যায়, তিনি নাকি দল ছাড়ছেন। যদিও তা একেবারেই অসত্য।
এর মাঝেই আরও এক গুঞ্জন। এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা? ভোটের এই সময়টা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটে। টিকিট না পেলেও ব্যস্ততা কেমন? নতুন কোনও দায়িত্ব পেলেন কি সায়ন্তিকা? সনামধন্য এক গণমাধ্যমকে নিজের পরিকল্পনা জানালেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি কলকাতাতেই রয়েছেন। সায়ন্তিকা জানান, একটু বিশ্রাম দিচ্ছেন নিজেকে। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই।
সায়ন্তিকা বলেন, “আমি নিজের উপর একটু সদয় হয়েছি। আসলে, গেল দু’বছর বিশ্রাম হয়নি সে ভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দু’বছরে আমার শরীরের উপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি। আর এখন তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আমি নিচুতলার সংগঠনের কাজ করে এসেছি। বাকি যা করার, প্রার্থীরা করবেন”।
টিকিট না পাওয়ার কারণে কি বাঁকুড়ার সঙ্গে দূরত্ব বেড়েছে সায়ন্তিকার? গণমাধ্যমের এমন প্রশ্নে অভিনেত্রী জবাব দেন, ‘‘তেমন কিছু নয়। কাল যদি প্রয়োজন পড়ে, ফের ছু়টে যাব। তবে এই দু’বছর আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম। তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে, আমি তো রাজনীতি শিখে আসিনি। সবটা বুঝে নিতে সময় লাগছিল, আর কি! তা ছাড়া, একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম। যার কারণে খাটাখাটুনি করেছি।”
সায়ন্তিকা নাকি বিয়ে করছেন! এই প্রসঙ্গ অভিনেত্রী সাফ জবাব দিলেন । বললেন, আমি এই দু’বছরে ছেলে খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। তবে কে তার পাত্র হবে এ নিয়ে স্পষ্ট কোন কথা বলেননি সায়ন্তিকা।

সম্প্রতি অভিনেতা জায়েদ খানের সঙ্গে তাঁর নাম জুড়ে জল্পনা চলেছে। এ বিষয়ে খানিকটা বিরক্ত হয়ে সায়ন্তিকা বলেন, ‘‘আমার সঙ্গে ওঁর ভাল সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক এ ধরনের খবর রটাচ্ছেন। আমি এসবে কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।”
