শৈশব মনে করে কাঁদলেন আমির
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। একটি ফিল্মি পরিবারে বেড়ে উঠেছেন তিনি। তার বাবা তাহির হোসেন একাধারে প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার ছিলেন। বাবার পথ অনুসরণ করেই রুপালি জগতে পা রাখেন আমির। কিন্তু বর্তমানে আমির খানের যে ঝকঝকে জীবন আমরা দেখতে পাই, তার পেছনে লুকিয়ে আছে সংগ্রাম। পুরোনো সেই দিনের কথা বলতে গিয়ে ভিজে ওঠে আমির খানের চোখের পাতা।
সম্প্রতি ব্রুট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমির খান। এ আলাপচারিতায় বাবা-মায়ের প্রসঙ্গ উঠে আসে। এ সময় শৈশবের বর্ণনা দিয়ে এ অভিনেতা বলেন, ‘আমার মনে আছে, আমাদের স্কুল ইউনিফর্ম যখন বানিয়ে দেওয়া হতো, তখন আম্মি এটি ভাঁজ করে ফোল্ড করে দিতেন, যাতে আমাদের নতুন প্যান্ট বানাতে না হয়। আর এই ইউনিফর্মে ২-৩ বছর পার হয়ে যেত।’
পুরো স্কুল জীবনে এমন কোনো বছর নেই, যে বছর আমিরের স্কুলের বেতন সঠিক সময়ে দিতে পেরেছেন তার বাবা। তবুও অর্থ সংকটসহ নানা প্রতিকূলতার মাঝে বাবা-মায়ের দেওয়া সময়টাই সেরা বলে মনে করেন আমির। এ বিষয়ে আমির খান বলেন, ‘আব্বাজান এবং আম্মি যে জীবন দিয়েছেন এটাই সবচেয়ে ভালো জীবন। সব সমস্যা এবং সবকিছুর সঙ্গে তারা আমাদের যত্ন নিয়েছেন।’
